ঢাকাMonday , 31 August 2026

মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

admin
August 31, 2026 9:07 pm
Link Copied!

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির রহমান খান, শিক্ষক নেতা সদেরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য, কবিতা ও সংগীত মানুষের মধ্যে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, দেশপ্রেম, মানবিকতা ও সম্প্রীতির চেতনা জাগিয়ে তোলে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটবে। একই সঙ্গে তারা জাতীয় কবির কালজয়ী সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক আদর্শ নিজেদের জীবনে ধারণের অনুপ্রেরণা পাবে।
উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিক্ষার্থী ও শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।