নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নাচোল উপজেলার মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর অর্থায়নে পরিচালিত Global Programme to End Child Marriage (GPECM-III) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘বাল্যবিবাহের অভিশাপ: শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়া, কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, মানসিক চাপ এবং ভবিষ্যৎ জীবন ও পারিবারিক ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোসা: লুৎফুন্নেসা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য নাজিরা বেগম।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন, সাবেক সহ-সভাপতি ও সমাজ সেবক মুখলেসুর রহমান, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন, মতিউর রহমান খোকন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

