ঢাকাMonday , 14 September 2026

মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগ, গ্রেপ্তার যুবক

admin
September 14, 2026 10:43 pm
Link Copied!

 

মান্দা নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য অর্থের বিনিময়ে সংগ্রহ করে অন্যের কাছে বিক্রির অভিযোগে মো. আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় তার পরিচালিত কম্পিউটার ও অনলাইন সেবার দোকান থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র, সিমকার্ড, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুস সালাম সরকার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা। প্রসাদপুর এলাকায় উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে তিনি ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামে একটি দোকান পরিচালনা করতেন।

আরও পড়ুনঃ  সাপাহারে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

র‍্যাব-৫-এর এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাত ৪টা ২০ মিনিটের দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় আব্দুস সালাম সরকারকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম স্বীকার করেছেন—বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থের বিনিময়ে নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল ডিজিটাল তথ্য সংগ্রহ করতেন তিনি। পরে এসব তথ্য বেশি দামে অন্যদের কাছে সরবরাহ করা হতো।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, সংগ্রহ করা তথ্যের মধ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল সিমের মালিকানা, লাস্ট কল লোকেশন, আইএমইআই, সিডিআর এবং মোবাইল ব্যাংকিং-সংক্রান্ত তথ্য রয়েছে।

আরও পড়ুনঃ  নাচোলে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন

অভিযানে দোকান থেকে দুটি HP Core i5 ল্যাপটপ, দুটি CPU, একটি Dell মনিটর, একটি LED TV, দুটি কিবোর্ড, একটি মাউস, একটি Epson কালার প্রিন্টার, একটি Netis রাউটার, বিভিন্ন ধরনের ক্যাবল, আটটি স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ৫২টি ল্যামিনেট করা এনআইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের কার্ড, BMET Emigration Clearance Card, দুটি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড এবং নির্বাচন কমিশনের দুটি প্রত্যয়নপত্র জব্দ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, আব্দুস সালামসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বিভিন্ন নামে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রির বিজ্ঞাপন দিতেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার করে সভা অনুষ্ঠিত 

এ ঘটনায় র‍্যাব-৫ রাজশাহীর এসআই (নিরস্ত্র) উজ্জল হোসেন বাদী হয়ে আব্দুস সালাম সরকারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করার জন্য মান্দা থানায় এজাহার দাখিল করেছেন।

র‍্যাব জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোন, কম্পিউটারসহ অন্যান্য ডিভাইস পর্যালোচনা করে তথ্য বিক্রির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।