নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ ও অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখা।
৭ অক্টোবর বুধবার বিকেল ৫ টায় নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর এলাকার প্রায় ২৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পৌর জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক নুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন, নাচোল উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী এবং সহ-সভাপতি স্বপন সাহা।
সমাবেশে বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে পূর্ণ শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপিত হতে পারে, সেদিকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার নাচোলে মোট ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস ও অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

