ঢাকাFriday , 6 November 2026

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে মান্দায় বাংলা কিউআর প্রশিক্ষণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

admin
November 6, 2026 11:31 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ, ডিজিটাল লেনদেনের প্রসার এবং নতুন প্রজন্মকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নওগাঁর মান্দায় বাংলা কিউআর ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সোনালী ব্যাংক পিএলসি, মান্দা শাখার উদ্যোগে ব্যাংক ভবনে এ কর্মশালা ও ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব কাজী মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, মান্দা শাখার ব্যবস্থাপক জনাব দেওয়ান মোঃ বদরুদ্দোজা।

কর্মশালায় বাংলা কিউআর প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপদ ও দ্রুত লেনদেন এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

অনুষ্ঠানের অংশ হিসেবে কয়েকজন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীর হাতে বাংলা কিউআর প্রদান করা হয়। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার ফরম ও উপহারসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ছোটবেলা থেকেই প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

সভাপতির বক্তব্যে দেওয়ান মোঃ বদরুদ্দোজা বলেন, “ক্যাশলেস বাংলাদেশ কেবল একটি প্রযুক্তিনির্ভর স্বপ্ন নয়; এটি একটি আধুনিক, স্বচ্ছ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থার প্রত্যাশা। এই লক্ষ্য অর্জনে ব্যাংক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহক—সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বাংলা কিউআর সেই অংশগ্রহণকে সহজ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই, মান্দার প্রতিটি পর্যায়ের ব্যবসায়ী ও উদ্যোক্তা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হবেন এবং নগদ অর্থের বিকল্প হিসেবে নিরাপদ ক্যাশলেস লেনদেনকে গ্রহণ করবেন।”

তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে আর্থিক শিক্ষার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা, পেশাজীবী ও অর্থনীতির চালিকাশক্তি। তাই শিক্ষাজীবন থেকেই তাদের সঞ্চয়, আর্থিক শৃঙ্খলা ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। স্টুডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সেই ইতিবাচক অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ আর্থিক সক্ষমতার ভিত্তি তৈরি করা সম্ভব। আমাদের লক্ষ্য শুধু ব্যাংকিং সেবা প্রদান নয়, বরং একটি সচেতন, প্রযুক্তিবান্ধব ও আর্থিকভাবে অন্তর্ভুক্ত সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখা।”

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

বক্তারা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং এবং আধুনিক আর্থিক সেবার ব্যবহার বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।