মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি
মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। “শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গডার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ অক্টোবর সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বকের মোড় দিয়ে পোস্ট অফিস মোড় এবং থানার মোড় হয়ে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় মিলন আয়তনে সমবেত হয়। এখানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসকল অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা একাডেমী সুপারভাইজার ফরিদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক এবং মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক, ভেনু প্রধান এবং সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সেলিনা পারভিন, অন্য শিক্ষকদের মধ্যে বারিকুর রহমান, নিত্যানন্দ, আব্দুল ওবাইদা প্রমূখ। এসময় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলা শিক্ষা অফিসের পরামর্শে ও নির্দেশনায় উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ন’টায় বিদ্যালয়ের সম্মুখ সড়কে শোভাযাত্রা এবং নিজ নিজ প্রতিষ্ঠান প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

