মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি
মহাদেবপুরে অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত এবং ভ্যানের আরোহী মারাত্মক আহত হয়েছে। জানা গেছে ৫ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৬ দিকে মহাদেবপুর- পত্নীতলা অঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর পেট্রোল পাম্পের সন্নিকটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন এবং পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামের ভ্যানে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়ে মহাদেবপুর হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মন উপজেলার মুগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে এবং আহত পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হীরেন চন্দ্র বর্মন ভ্যানে যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে নিয়ে মহাদেবপুরের দিকে আসছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

