নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মাদকাসক্ত মাহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গরুহাটি এলাকায় একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মাহিদুল ইসলাম ছাতড়া নিচতানী এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মাহিদুল ইসলাম নিয়মিত মাদক গ্রহণ করতেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের সদস্যদরা খোঁজাখুঁজি করলেও কোন হদিস পাওয়া যায় নি। আজ সকালে স্হানীয়রা পুকুরের মাঝখানে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ পুকুর পাড়ে উঠালে স্হানীয়রা মাহিদুলের মরদেহ বলে সনাক্ত করে।
চন্দননগর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হুূদা বলেন, সে নিয়মিত মাদক গ্রহণ করতো। মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সময় পরিবারের সদস্যরা তাকে বেঁধেও রাখতেন।
মাহিদুল ইসলামের স্ত্রী জোসনা বেগম বলেন, আমার স্বামীর মাদক গ্রহণের অভ্যাস ছিল। মাদক গ্রহণ করে বাড়ি ফেরার পথে পুকুর পাড় থেকে পুকুরে পড়ে মৃত্যু হতে পারে। আমার স্বামীর সাথে কারও কোন গন্ডগোল বা শত্রুতা ছিল না।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

