ঢাকাMonday , 21 September 2026

আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার

admin
September 21, 2026 5:33 pm
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নওগাঁ জেলার বৃহৎ আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র ২ জোড়া ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। যা যাত্রী চাহিদার তুলনায় একেবারেই কম। ​জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। এ দুই ট্রেনের আসন সংখ্যা কম বরাদ্দ থাকায় যাত্রী দুর্ভোগ লাঘব হচ্ছে না। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন প্রায় ২শতাধিক যাত্রী। ফলে সীমিত সংখ্যক আসনের জন্য হিমশিম খেতে হয় স্টেশন কর্তৃপক্ষকেও। আত্রাই থেকে রাজধানী ঢাকার সাথে সড়ক পথে যোগাযোগের তেমন কোন ব্যবস্থা না থাকায় ঢাকাগামী সকল যাত্রীর চাপ ট্রেনে হওয়ায় দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে। এদিকে নীলসাগর এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস নামে আরও ৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এসব ট্রেনের মধ্যে থেকে কমপক্ষে চিলাহাটি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এ স্টেশনে কার্যকর করার দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এসব আন্তঃনগর ট্রেনের স্টপেজ কার্যকর না হওয়ায় একদিকে যাত্রীরা হচ্ছেন দুর্ভোগের শিকার অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে। উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের আবু সাইদ চৌধুরী বলেন, আত্রাই একটি ঐতিহ্যবাহী স্টেশন। এখানে মহাত্মা গান্ধী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বিশ্বখ্যাত ব্যক্তি এসেছেন। সে সময় ট্রেনযোগে এসে আত্রাই অবতরন করে বিভিন্ন স্থানে গিয়েছেন বলে ইতিহাস সাক্ষ্য। বর্তমানে এ স্টেশন থেকে রাজশাহীর বাগমারা, নওগাঁর রাণীনগর, মান্দা, নাটোরের নলডাঙ্গা, সিংড়া এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার লোকজন রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন। তাই বৃহত্তর জনস্বার্থে এ স্টেশনে কমপক্ষে আরও দুইটি (চিলাহাটি এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস) ট্রেনের স্টপেজ করা আমাদের প্রাণের দাবি। ​নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি এবং প্ল্যাটফর্ম সংস্কারের বিষয়টি আমি মহান জাতীয় সংসদে উত্থাপন করেছি। এ ছাড়াও এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর নিকট ডিও লেটার দিয়েছি। বাংলাদেশ রেলওয়ের বিধি অনুযায়ী এখানে কমপক্ষে দুইটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  সকল ইউনিয়নে জামাতের একক প্রার্থী বিএনপি'র একাধিক 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।