আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘তাল বীজ রোপণ অভিযান- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধকল্পে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এ কর্মসূচি অভিযান আয়োজন করা হয়।
উক্ত তাল বীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন এবং ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা। অভিযানের শুরুতে জেলা কমান্ড্যান্ট এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গ্রামীণ সড়কের পাশে তাল বীজ রোপণ করেন। এ সময় স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম) বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এবং পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অপরিসীম। সরকার ও বাহিনীর নির্দেশনানুযায়ী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারাদেশে এ ধরনের বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, কেবল তাল বীজ রোপণ করলেই হবে না, প্রতিটি গাছ যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য স্থানীয় আনসার-ভিডিপি সদস্য ও গ্রামবাসীর সম্মিলিত পরিচর্যা অত্যন্ত প্রয়োজন। বক্তব্য শেষে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে সকলকে নিজ নিজ উদ্যোগে বেশি বেশি তাল গাছসহ অন্যান্য ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করার আহ্বান জানান।

