ঢাকাTuesday , 11 August 2026

নিয়ামতপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে স্পিডের বোতলে রাখা বিষ খেয়ে অসুস্থ ৩ বছরের শিশু আরিয়ান। তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে প্রধান শিক্ষকের উত্তেজিত আচরণ।

admin
August 11, 2026 1:56 pm
Link Copied!

ডেক্স নিউজ

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এনার্জি ড্রিংক ‘স্পিড’-এর বোতলে রাখা বিষ পান করে অসুস্থ হয়ে পড়েছে তিন বছরের শিশু আরিয়ান। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে নিয়ামতপুর সদর ইউনিয়নের মায়ামারি তেঘরিয়া লংপুর বাদপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিশু আরিয়ান ওই বিদ্যালয়ের কর্মরত আয়া নুরানি খাতুনের সন্তান। পরিবারের সদস্যরা জানান, বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা স্পিডের বোতল থেকে শিশুটি বিষ পান করে। বিষয়টি জানতে পেরে তার বাবা-মা দ্রুত শিশুটিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি জানান, শিশুটির মুখ থেকে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, এটা কি এমন ঘটনা যে ইলেকট্রনিক মিডিয়ায় দিতে হবে?” তথ্য সংগ্রহের সময় ক্যামেরা চালু থাকায় তিনি উত্তেজিত হয়ে ক্যামেরা বন্ধ করার কথাও বলেন।
প্রধান শিক্ষক দাবি করেন, তিনি মনে করেন শিশুটি বিষ পান করেনি। তিনি জানান, বিদ্যালয়ের আশপাশের ঘাস পরিষ্কার করার জন্য ওই দিনই দোকান থেকে বিষ কিনে আনা হয়েছিল।
স্পিডের বোতলে কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই বিষ বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা হয়েছিল কেন—এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, এটা সাইড করে রাখা উচিত ছিল, কিন্তু সাইড করে রাখা হয়নি। দুর্ঘটনাবশত এটা হয়ে গেছে।
তিনি আরও বলেন, ওই অফিস কক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসে না।
তবে বিদ্যালয়ের অফিস কক্ষে বিষাক্ত কীটনাশক বা আগাছানাশক এভাবে সংরক্ষণ করা কতটা নিরাপদ এবং শিশুদের নাগালের বাইরে রাখার ক্ষেত্রে যথাযথ সতর্কতা নেওয়া হয়েছিল কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।