নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে জমি দখল ও সেখানে নির্মাণকাজের পরিকল্পনার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি। অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিন ৩৫ বছর ধরে ভোগদখলে থাকা শালবাড়ী মৌজার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ জোরপূর্বক দখল ও নির্মাণকাজের চেষ্টা করছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগে মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, শালবাড়ী মৌজার ১৪৭ দাগসহ কয়েকটি দাগের জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও গত ৫ সেপ্টেম্বর সকালে প্রতিপক্ষ ওই জমিতে জোরপূর্বক মাটি খনন করে বাড়ি নির্মাণের পরিকল্পনা ও কার্যক্রম শুরু করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান ও বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আখতারুজ্জামান লিটন বলেন, ২০২৫ সালে তিনি প্রকৃত মালিকের কাছ থেকে শালবাড়ী মৌজার ১৪৭ দাগের সাড়ে ৮ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর তিনি দখলে যান এবং খাজনা-খারিজও সম্পন্ন করেছেন বলে দাবি করেন তিনি।
এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা ৩০/৩৫ বছর থেকে দেখে আসছি মকবুল মাস্টারের দখলে ছিলো এই জমি। কিন্তু ৬মাস থেকে আক্তারুজ্জামানকে জমিতে দেখছি। আসলে কাগজে কি আছে আমরা জানিনা।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

