ঢাকাSaturday , 5 September 2026

খেলাধুলাই পারে তরুণ ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে—এমপি টিপু

admin
September 5, 2026 10:07 am
Link Copied!

 

মান্দা নওগাঁ প্রতিনিধি

“খেলাধুলাই পারে তরুণ ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে”—বলে মন্তব্য করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বড়পই জাগরনী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জোকাহাট ফুটবল একাদশ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বড়পই জাগরনী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জোকাহাট ফুটবল একাদশ। দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন আরিফুল ইসলাম। তাঁর গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে জোকাহাট ফুটবল একাদশ।উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার আটটি ক্লাব অংশগ্রহণ করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। চ্যাম্পিয়ন জোকাহাট ফুটবল একাদশকে ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকার চেক এবং রানার্সআপ বড়পই জাগরনী ক্লাবকে ট্রফিসহ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।এ সময় এমপি টিপু বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ ও যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, বড়পই জাগরনী ক্লাবের ডিএম আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।