আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (১২ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) এবং একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, বিপ্রোবোয়ালিয়া গ্রামের আব্দুর রকিব প্রামাণিক (৪৫) স্থানীয় বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ওই সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুর রকিব প্রামাণিক বাদী হয়ে রবিবার আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিনই স্থানীয়দের সহায়তায় ঘটনার সাথে জড়িত সুশান্ত কুমারকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরবর্তীতে রবিবার রাতে আত্রাই থানা-পুলিশ অভিযান চালিয়ে একই এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে।
আত্রাই থানার (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেফতার দুই আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজাহান শাজু। বার্তা সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম। আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট এনামুল হক। অফিসঃ কাজিহাটা, রাজশাহী-৬০০০। ই-মেইল: srnewstv@gmail.com যোগাযোগ: ০১৭১১৭০৩৫৫১
ই পেপার